নেত্রকোণায় মোটরসাইকেল দুর্ঘটনায় আলবার খান সামি (২২) নামের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে শহরের বাইপাস সড়কে এই দুর্ঘটনা হয়।
নিহত শিক্ষার্থী আইইউবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শহরের চকপাড়া এলাকার চঞ্চল খানের ছেলে। এ ছাড়া তিনি নেত্রকোণা-২ আসনের সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন খানের নাতি এবং রেডক্রিসেন্ট জেলা কমিটির সাবেক সদস্য ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, শহরের বাইপাস সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন সামি। তখন নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। মরদেহ উদ্ধারের পর আইনি কার্যক্রম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।