নেত্রকোণার সদর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে মাদরাসা শিক্ষকসহ দুজনের মৃত্যু হয়েছে। রোববার উপজেলার আমতলা সাপমারা গ্রামের মহিলা মাদরাসার পাশে ও কাইলাটি গ্রামে এসব বজ্রপাত হয়।
মৃত দুজন হলো– আমতলার সাপমারা এলকার একটি কওমি মহিলা মাদরাসার শিক্ষক জামাল মুন্সি ও শহরের কাইলাটি এলাকার রিকশাচালক সবুজ মিয়া।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মাসুন সরকার জানান, ফজরের নামাজ শেষ করে জামাল মুন্সি মাদরাসার পাশে বৃষ্টির মধ্যে মাছ ধরতে যান। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একইদিন সকালে কাইলাটি গ্রামের সবুজ মিয়া রিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় বজ্রপাতের শিকার হন। স্থানীয়রা দ্রুত তাকে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ্ আল বাকিউল বারী বলেন, মৃতদের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।