ময়মনসিংহ নগরীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে নগরের কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন–মো. মাসুদ মিয়া (৩০) ও সিয়াম মিয়া (২৪)। তাদের মধ্যে মাসুদের বাড়ি ঝিনাইদহ এবং সিয়ামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) সজীব কোচ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরের কলেজ রোড এলাকায় এনায়েত হোসেন চৌধুরী টাওয়ার নামে ১০তলা একটি ভবনের নির্মাণকাজ প্রায় তিন বছর ধরে চলছে। প্রায় সাড়ে ৮ শতক জমির ওপর নির্মিত ভবনটির কাজ চলাকালে বুধবার বিকেলের দিকে অষ্টম তলায় কর্মরত অবস্থায় দুই শ্রমিক নিচে পড়ে যান। পরে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
জানা গেছে, ভবনটির মালিক নেত্রকোনা মেডিকেল কলেজের প্রভাষক রফিকুল ইসলাম। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ভবনটির নির্মাণকাজ পরিচালিত হচ্ছিল।