গরুর ঘাস কাটার সময় বজ্রপাত, প্রাণ গেল বৃদ্ধের

জামালপুরের মাদারগঞ্জে গরুর জন্য ঘাস কাটার সময় বজ্রপাতে মুসা ফকির (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের উত্তর চরবওলা এলাকায় এ বজ্রপাত হয়।

মৃত মুসা ফকির ওই এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

স্বজনেরা জানায়, আজ বিকেলে গরুর জন্য মাঠে ঘাস কাটতে গেলে হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন মুসা ফকির। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. নাহিদ উজ্জামান বলেন, ‘হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।’