শেরপুরের তাজ কোল্ড স্টোরেজে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস লিকেজের কারণে পচে গেছে প্রায় ৫৭ হাজার বস্তা আলু। পাইপ ফেটে গ্যাস ছড়িয়ে পড়ায় প্রায় ৩ হাজার ১০০ মেট্রিক টন আলুর পুরোটাই নষ্ট হয়ে গেছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা।
এতে লোকসান ও আসন্ন মৌসুমে বীজ সংকটে পড়ার আশঙ্কায় দিশেহারা কৃষকেরা। ক্ষতিপূরণের দাবিতে জেলা প্রশাসক কার্যালয়সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন করছেন তারা।
কৃষকরা জানান, বীজ সংরক্ষণের জন্য প্রতি বছরই বিসিক শিল্পনগরীর এই হিমাগারে আলু রাখা হয়। কিন্তু এবার বীজ পচে যাওয়ায় নতুন আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।
কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ এটি দুর্ঘটনা দাবি করে কৃষকদের সঙ্গে বসে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে।
শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক বলেন, ‘জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে আলুর নমুনা পরীক্ষা করছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার হবে।’