জামালপুরের বকশীগঞ্জে লোকালয়ে ঢুকে একটি উন্মত্ত শিয়াল অতর্কিত হামলা চালিয়েছে। এতে নারীসহ অন্তত সাতজন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার মেরুরচর ইউনিয়নের রবিয়ারচর গ্রামে শিয়ালটি এ তাণ্ডব চালায়।
আহতদের উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ও জলাতঙ্কের প্রতিষেধক দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানায়, আজ সকালে রবিয়ারচর গ্রামের মতি মিয়ার বসতঘরে ঢুকে শিয়ালটি হঠাৎ তাণ্ডব শুরু করে। এরপর বাড়ির আশপাশে ও রাস্তায় চলাচলরত সাধারণ মানুষের ওপর চড়াও হয়ে এলোপাতাড়ি কামড়াতে থাকে। দিনের আলোতে শিয়ালের এই আকস্মিক আক্রমণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শিয়ালের কামড়ে আহতরা সবাই রবিয়ারচর গ্রামের বাসিন্দা। তারা হলেন– মতি মিয়া (৬০), মর্জিনা বেগম (৪০), বদিউজ্জামান (৬৮), ইজতী বেগম (৪০), ছাহেরা খাতুন (৫০), সামাদ (৩৫) ও মোবারক।
বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোহাম্মদ তামিম জানান, হাসপাতালে আসা আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের সুরক্ষামূলক জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে।
এদিকে, দিনের বেলায় লোকালয়ে শিয়ালের এমন আক্রমণাত্মক ঘটনায় রবিয়ারচর ও এর আশপাশের গ্রামের মানুষের মধ্যে চরম ভীতি কাজ করছে। শিয়ালের উপদ্রব থেকে রক্ষা পেতে স্থানীয়রা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।