জানালা দিয়ে পানি চাইল শিশুরা, ফ্ল্যাটের তালা ভেঙে মিলল মায়ের মরদেহ

জামালপুর শহরের একটি তালাবদ্ধ ফ্ল্যাট থেকে ইসরাত জাহান (৩০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ফ্ল্যাটের অন্য একটি কক্ষে আটকে থাকা তাঁর দুই শিশু সন্তানকে জীবিত উদ্ধার করা হয়।

আজ রোববার সকালে শহরের শেখের ভিটা রেলক্রসিং এলাকার একটি ভবনে এ ঘটনা ঘটে।

ইসরাত জাহানের স্বামীর নাম কাউসার আহাম্মেদ শাওন (৩৫)। ঘটনার পর থেকে নিহত গৃহবধূর স্বামী কাউসার আহম্মেদ পলাতক রয়েছেন। এই দম্পতির ১০ বছর বয়সী এক মেয়ে এবং ৫ বছর বয়সী এক ছেলে রয়েছে।

স্থানীয়রা জানান, সকালে জানালা দিয়ে দুই শিশু বারবার পানি চাইতে থাকে। তাদের কান্নাকাটি শুনে আশপাশের মানুষের সন্দেহ হয়। বিষয়টি ভবনের মালিককে জানানো হলে দেখা যায়, ফ্ল্যাটটির মূল দরজায় বাইরে থেকে তালা দেওয়া। একপর্যায়ে স্থানীয়রা তালা ভেঙে ভেতরে প্রবেশ করে শিশু দুটিকে উদ্ধার করেন। এরপর অন্য একটি কক্ষে ইসরাত জাহানের নিথর দেহ দেখতে পেয়ে জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে জানানো হয়।

স্থানীয় বাসিন্দা মৌসুমী আক্তার বলেন, জানালা দিয়ে বাচ্চা দুটো পানি চাওয়ার পর স্থানীয়রা গিয়ে তালা ভেঙে তাদের বের করে আনেন। ভেতরে ঢুকে ওই নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ বা ঘটনার পেছনের রহস্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশের তদন্ত চলছে।