শেরপুরে স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগ নেতা গ্রেপ্তার

শেরপুরে শ্রীবরদীতে স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ খড়িয়া কাজিরচর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জহুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় রাতে শ্রীবরদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল লতিফ মিয়া। 

পুলিশ ও স্থানীয়রা জানান, অভিযুক্ত জহুরুল ইসলাম ধর্ষণের শিকার মেয়েটির সম্পর্কে জেঠা হয়। তার মেয়ের বান্ধবীও হয় মেয়েটি। শনিবার দুপুরে ওই মেয়েটি জেঠা জহুরুলের মেয়েকে খুঁজতে যান। তখন ওই বাড়িতে জহুরুল একা ছিলেন। এ সময় মেয়েটিকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন জহুরুল। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে এবং জহুরুল ইসলামকে আটক করে। বিষয়টি শ্রীবরদী থানা পুলিশকে জানালে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে জহুরুল ইসলামের বিরুদ্ধে শ্রীবরদী থানায় রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘অভিযুক্ত জহুরুল ইসলাম সম্পর্কে আমার জেঠা হয়, তার মেয়ে আমার বান্ধবী। আমি দুপুরে তাদের বাড়িতে যাই, বাড়িতে তার স্ত্রী মেয়ে না থাকায় আমি চলে যাচ্ছিলাম। এসময় আমাকে বলে একটু ঘুরে আয়। আমি ঘরে ঢুকার পরে দরজা বন্ধ করে আমার মুখ চেপে ধরে ধর্ষণ করে। পরে আমার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে। আমি এ ঘটনার বিচার চাই।’

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল লতিফ মিয়া বলেন, ‘আমরা খবর পাওয়ার সাথে সাথে পুলিশ পাঠাই। পরে ভিক্টমকে উদ্ধার করি। আসামি জহুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার পর থানায় মামলা রেকর্ড করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’