নেত্রকোণার কেন্দুয়ায় বিদ্যুতায়িত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে দুই ভাই। আজ রোববার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাউয়ালিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো–ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোয়াদ মিয়া (৭) ও আরাফাত মিয়া (৫)। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।
স্থানীয়দের বরাতে ওসি জানান, আজ সকালে ঘুম থেকে উঠে বাড়ির আঙিনায় খেলছিল দুই ভাই। এ সময় প্রতিবেশী নুরেছা খাতুনের পল্লী বিদ্যুতের আর্থিং করা তারে বিদ্যুতায়িত হয় এক ভাই। তাকে বাঁচাতে গিয়ে অপর ভাইও বিদ্যুতায়িত হয়।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ওসি তরিকুল ইসলাম বলেন, আর্থিং তারটি কোনমতে বিদ্যুতায়িত হয়েছিল। এ কারণেই দুই শিশু বিদ্যুতায়িত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।