অতিরিক্ত সার-কীটনাশক ব্যবহার, জামালপুরে কমে যাচ্ছে জমির উর্বরতা

জামালপুরে কৃষি জমির উর্বরতা কমে যাওয়ায় উৎপাদন নিয়ে বিপাকে কৃষকরা। অতিরিক্ত সার, কীটনাশক দিতে হচ্ছে, বাড়ছে সেচের খরচও। সে তুলনায় মিলছে না কাঙ্ক্ষিত ফলন। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে কয়েক বছর ধরে কমে গেছে স্বাভাবিক বন্যার প্রবণতা। যার নেতিবাচক প্রভাব পড়ছে জমির উর্বরতায়।

জামালপুরে আবাদযোগ্য জমির পরিমাণ ১ লাখ ৬১ হাজার ৮৭০ হেক্টর। এর মধ্যে নদী ও নদী তীরবর্তী চর এলাকার ফসলি জমি ৪২ হাজার ৬৩০ হেক্টর। 

তবে চাষিরা বলছেন, জমির উর্বরতা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা। এজন্য কয়েক বছর ধরে জেলায় বন্যা কম হওয়ায় পলি মাটি না জমাকে কারণ বলছেন তারা। অতিরিক্ত সার, পানি ও কীটনাশক দিয়েও মিলছে না কাঙ্ক্ষিত ফলন।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুখ বলেন, ‌‘পলি জমে নদী ভরাট, গতিপথ পরিবর্তনসহ নানা কারণে কমে গেছে স্বাভাবিক বন্যার প্রবণতা।’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আলম শরীফ খান বলেন, ‘জমিতে পর্যাপ্ত পরিমাণে জৈব সার ব্যবহার করলে সার ও পানি দেওয়ার খরচ কমবে এবং উৎপাদন বাড়বে।’

যমুনা-ব্রহ্মপুত্রসহ ১৬টি নদী বয়ে গেছে জামালপুরে জেলার ওপর দিয়ে।