শেরপুরের নালিতাবাড়ীতে মায়ের কোলের পাঁচ মাসের শিশুকে কেড়ে নিয়ে ছুড়েঁ হত্যার অভিযোগ করা হয়েছে প্রতিপক্ষের বিরুদ্ধে। জমি সংক্রান্ত বিরোধের কারণে ঝগড়ার একপর্যায়ে মায়ের কোল থেকে কেড়ে নেওয়া হয় শিশু আদিবাকে। পরে প্রতিপক্ষের লোকজন ছুঁড়ে মেরে হত্যা করে শিশুটিকে।
গতকাল শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার যোগানিয়া কান্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত দুই নারীকে আটক করেছে পুলিশ।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক বলেন, “ওই গ্রামের ময়ছর উদ্দিনের সাথে প্রতিবেশী মৃত গোলাপজলের দুই ছেলে লিটন ও হামিদুলের জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার বিকেল ৫টার দিকে ময়ছর, তার স্ত্রী ফাতেমা ও কন্যা সন্তানেরা মিলে নিজেদের সীমানায় কলার চারা রোপণ করতে গেলে হামিদুলের স্ত্রী লাভলী বেগম (৩০) ও তার মা হনুফা বেগমসহ (৬৫) তাদের লোকজন চারা রোপণ করতে বাধা দেয়”।
“এসময় উভয়পক্ষে হাতাহাতির একপর্যায়ে ফাতেমার কোলে থাকা ৫ মাস বয়সী কন্যাশিশু আদিবাকে কোল থেকে কেড়ে নিয়ে মাটিতে ছুঁড়ে মারে লাভলী। এতে শিশুটি মাথায় আঘাত পেলে গুরুতর অবস্থায় প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে শেরপুর জেলা হাসপাতালে নেওয়ার পথে রাতে আদিবা মারা যায়”- বলেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
এ ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে লাভলী ও হনুফাকে আটক করে থানায় নিয়ে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ পরিদর্শক আব্দুল লতিফ মিয়া জানান, “হত্যাকাণ্ডে জড়িত দুই নারীকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে। নিহত শিশুর পিতা ময়ছর উদ্দিন বাদী হওয়ায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে”।