স্কুলশিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষক আটক

চাঁপাইনবাবগঞ্জে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে সানাউল্লাহ নামে এক স্কুল শিক্ষককে আটক করেছে পুলিশ। রোববার বেলা আড়াইটার দিকে তাকে আটক করা হয়। এর আগে ওই শিক্ষককে প্রায় চারঘণ্টা বিদ্যালয়েই অবরুদ্ধ করে রাখে স্থানীয়রা। 

সানাউল্লাহ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মুশরিবোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

সদর থানার এসআই মাহবুবুর রহমান জানান, গত ২৮ আগস্ট বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন হয়রানি করে শিক্ষক সানাউল হক। এ বিষয়ে তারা বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেন। রোববার এ অভিযোগের তদন্ত করতে আসেন সংশ্লিষ্টরা। তদন্ত শেষে স্থানীয়রা সানাউল্লাকে বিদ্যালয়ে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক জানান, ভুক্তভোগি শিক্ষার্থীর পরিবারের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। ওই শিক্ষক যদি শিক্ষার্থীকে যৌন হয়রানি করে থাকে অবশ্যই তার উপযুক্ত শাস্তি হওয়া দরকার। 

তবে অভিযুক্ত শিক্ষক সানাউল্লাহ তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেছেন। তবে বেলা ৩ টা পর্যন্ত এ ব্যাপারে থানায় কোন অভিযোগ দেয়নি ভুক্তভোগির পরিবার। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।