বাড়ির পাশে খালে ভাসছিল কিশোরীর মরদেহ

জয়পুরহাটের পাঁচবিবিতে নিজ বাড়ির পাশের খাল থেকে ববিতা আক্তার  (১৫) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ । আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলার আটাপুর ইউনিয়নের উচাই পাথরঘাটা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

মৃত ববিতা ওই গ্রামের মামুনুর রশিদের মেয়ে।
 
কিশোরীর স্বজনরা জানান, সোমবার  রাত ১০ টার দিকে ববিতা ঘুমানোর জন্য নিজ কক্ষে চলে যায়। এর ঘণ্টা খানেক পর মৃতের বড় বোন মামুনী খাতুন প্রকৃতির ডাকে সাড়া দিয়ে আসার সময় ববিতার কক্ষে গিয়ে তাকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন । পরে আজ মঙ্গলবার সকাল ৮ টার দিকে ঝিনাইগাড়ী খালে জেলেরা মাছ ধরতে গিয়ে ববিতার মৃতদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে  ঘটনাস্থল থেকে পুলিশ মৃতদেহ  উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠায় ।  এ সময় মরদেহের গলায় ওড়না পেঁচানো ছিল বলেও জানিয়েছেন তার স্বজনরা ।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, এটা কি আত্মহত্যা না হত্যাকাণ্ড তা তদন্তের পর বিস্তারিত জানা যাবে।  পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।