রাজশাহী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দিয়াড় মানিক চর সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সামিরুল ইসলাম নামে এক বাংলাদেশির মৃত্যুর হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে।

সামিরুল রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বারিনগর গ্রামের হাসিবুল ইসলামের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল নাহিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। ঘটনাস্থলটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় হলেও সেটি চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকা।

বিজিবি অধিনায়ক লে. কর্নেল নাহিদ হোসেন বলেন, বৃহস্পতিবার দুপুরে সামিরুল সীমান্ত অতিক্রম করে ভারতে চলে যান। এ সময় বিএসএফের ৩৫ ব্যাটালিয়নের জওয়ানরা গুলি করলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

বিজিবি অধিনায়ক বলেন, ‘বিকেলে এ বিষয়ে বিজিবি–বিএসএফের অধিনায়ক পর্যায়ে জরুরি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সীমান্তে বাংলাদেশি নাগরিককে হত্যার তীব্র প্রতিবাদ জানানো হয়। হত্যার কথা স্বীকার করে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন বিএসএফ অধিনায়ক।’

পরবর্তীতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে বিএসএফ অধিনায়ক আশ্বাসও দিয়েছেন বলে জানান এই বিজিবি কর্মকর্তা।