নাটোরে শিক্ষা কর্মকর্তাকে মারধরের মামলায় গ্রেপ্তার ৩

নাটোরের বড়াইগ্রামে শিক্ষা কর্মকর্তাকে মারধর ও প্রাণনাশের মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– বড়াইগ্রাম উপজেলার মালিপাড়া গ্রামের শের আলীর ছেলে ওসমান গণি, ফজলুল হকের ছেলে আবু বক্কর ও উপলশহর গ্রামের আব্বাস আলীর ছেলে জুয়েল রানা। এদের আজ শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, ‘শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফ বাদী হয়ে তার ওপর হামলা ও প্রাণনাশের হুমকির ঘটনায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।   ঘটনার পর থেকেই আসামিরা পলাতক রয়েছেন। এদের মধ্য তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে দ্রুত সময়ের মধ্যেই মামলার প্রধান আসামিসহ অন্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’

এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল আযম বলেন, ‘ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের কেউ এজাহার নামীয় আসামি নয়। তবে ঘটনার সাথে তাদের সম্পৃক্ততা রয়েছে।’

গত বৃহস্পতিবার দুপুরে বড়াইগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফের কার্যালয়ে প্রবেশ করে তার হাত কেটে নেওয়ার হুমকিসহ শারীরিকভাবে লাঞ্চিত করে দুর্বৃত্তরা। এসময় অফিসের জরুরি কাগজপত্র তছনছ করেন স্থানীয় সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর ৩ ভাগনেসহ ৩০–৩৫ জন যুবক। এ ঘটনায় তিনি নিজে বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে আরও ৩০–৩৫ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা দায়ের করেন।