সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশে নসিমন ও ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। সোমবার বিকেলে মহাসড়কের হামকুড়িয়া খানপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট অরবিন্দু সেন বলেন, ‘হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের পাশ দিয়েই তিন চাকার যানবাহন চলাচলের আরেকটি সড়ক আছে। সেই সড়ক দিয়ে শ্যালো ইঞ্জিনচালিত একটি নাসিমন গাড়ি ও ব্যাটারিচালিত একটি অটোভ্যান বিপরীত দিকে যাওয়ার পথে হামকুড়িয়া এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানের চালক ও একজন নারী যাত্রীর মৃত্যু হয়।’
সার্জেন্ট অরবিন্দু আরও বলেন, ‘নিহতদের মধ্যে একজনের মরদেহ ও দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হচ্ছে। বাকি মরদেহটি আমরা ঘটনাস্থলে আসার আগেই তাঁর পরিবারের লোকজন নিয়ে গেছে। আমরা এখন সেখানেই যাচ্ছি। এ ঘটনায় আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’