নওগাঁয় সাড়ে ৪২ কেজি গাঁজাসহ আটক ২

নওগাঁর পত্নীতলা থেকে উপজেলার ঘোষ নগর এলাকা থেকে সাড়ে ৪২ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

শনিবার র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন জয়পুরহাট র‌্যাব ক্যাম্প অধিনায়ক মেজর শেখ সাদিক।
 
আটকরা হলেন, একই এলাকার মৃত আজগর আলীর ছেলে মোহাম্মদ আলী (৭০) ও মোজাফফর মিয়ার মেয়ে মনোয়ারা বেগম (৫০)। এই ঘটনায় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মোহাম্মদ আলীর দুই ছেলে বকুল হোসেন (৪০) আবু সাঈদ (৩৫) পালিয়ে যায়।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্প অধিনায়ক মেজর শেখ সাদিক বলেন, আটক মোহাম্মদ আলী ও মনোয়ারা বেগম চিহ্নিত মাদক কারবারী। তারা সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য সংগ্রহ করে নিজ বসত বাড়িতে মজুদ রেখে পলাতক বকুল ও সাঈদ এর মাধ্যমে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতেন।

এমন সংবাদের ভিত্তিতে মাদক কারবারীদের গতিবিধি পর্যবেক্ষণ করে আজ শনিবার সকালে ঘোষনগর এলাকায় অভিযান চালিয়ে আটককৃতদের বাড়ি থেকে ওই গাঁজাগুলি জব্দ করাসহ তাদের আটক করা হয়।পরে আটককৃতদের নওগাঁর পত্নীতলা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান মেজর শেখ সাদিক।