জয়পুরহাটে ৩ চেয়ারম্যানের প্রার্থীর সমর্থকদের মধ‍্যে হাতাহাতি

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী তিন চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল বুধবার রাতে উপজেলার পাঠানপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, ক্ষেতলাল উপজেলার পাঠানপাড়া বাজারে চেয়ারম্যান পদপ্রার্থী দুলাল মিয়া সরদারের নির্বাচনী ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধন শেষে ক্যাম্পের সামনে পথসভা অনুষ্ঠিত হলে সেখানে চেয়ারম্যান প্রার্থী দুলাল মিয়া সরদারের সমর্থক বড়তারা ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, বড়াইল ইউপি চেয়ারম্যান আবু রাশেদ আলমগীরের উপস্থিতিতে আরেক সমর্থক মামুদপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শামীম বক্তব‍্য শুরু করেন।

বক্তব্যে তিনি বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল ও তাঁর সমর্থক সাবেক চেয়ারম্যান আব্দুল বারিক মন্ডল এবং তাঁর সকল কর্মী–সমর্থক ‘চিটার-বাটপার’ সম্বোধন করেন। তাঁর এমন বক্তব্যে তৎক্ষণাৎ সেখানে উপস্থিত মোস্তাকিম মন্ডলের সমর্থকেরা প্রতিবাদ করেন। এতে দুলালের সমর্থকেরা তাঁকে মারধর শুরু করেন। একপর্যায়ে সেখানে উপস্থিত অপর এক চেয়ারম্যান প্রার্থী তাইফুল ইসলাম তালুকদারের একজন সমর্থক আব্দুল কুদ্দুসও একই বক্তব্যের সমালোচনা করলে তাঁর ওপরও হামলা করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে পুলিশ। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনএ খবর ছড়িয়ে পড়লে মোস্তাকিম মন্ডল ও তাইফুল ইসলাম তালুকদারের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এরপর সেখানে তিন চেয়ারম্যান প্রার্থীর কর্মী–সমর্থকদের মধ্যে হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে পুলিশ।

ওসি আনোয়ার হোসেন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হওয়ার সংবাদ শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছনোর কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরবর্তীতে এই ধরনের ঘটনা যেন আর না ঘটে এ জন‍্য তিন পক্ষকে সতর্ক করা হয়েছে।