পাবনার আটঘরিয়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী তানভীর ইসলাম সমর্থকদের ওপর হামলা অভিযোগ উঠেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলার দেবোত্তর ইউনিয়নের মতিগাছা গ্রামে রোববার রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহতরা হলেন– মতিগাছা গ্রামের অফাই মোল্লা, সইমুদ্দিন মোল্লা, আবুল কাসেম, সিহাব ও মনছুর আলী।
প্রত্যক্ষদর্শীরা জানান, মতিঝিল বাজার থেকে নির্বাচনী প্রচার শেষে রাত ৯টার দিকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী তানভীর ইসলামের সমর্থকেরা বাড়ি ফিরছিলেন। অভিযোগ উঠেছে, পথে মতিগাছা নামক স্থানে আগে থেকেই ওত পেতে থাকা প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম কামাল সমর্থকেরা তাঁদের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়া আহত করেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে পাঠান।
আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী তানভীর ইসলাম বলেন, ‘আমার সমর্থকদের ওপর প্রায়ই হামলার ঘটনা ঘটছে। তারই অংশ হিসেবে তারা আজ এ হামলা চালিয়েছে।’
এদিকে পাল্টা অভিযোগ করে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম কামাল বলেন, ‘দেবোতার ইউনিয়নের চেয়ারম্যান মোহাইমিন হোসেন চঞ্চল এ নেতৃত্বে আমার কর্মীদের ওপরই বরং হামলা চালানো হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।’
এ বিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাদিউল ইসলাম বলেন, ‘উভয় পক্ষের মধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।’