চাঁপাইনবাবগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

চাঁপাইবাবগঞ্জ সদর ও নাচোল উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার উপর রাজারামপুর ও সকালে নাচোলের কাজলা লাইনপাড়ায় পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটে। 

মৃতরা হলো- সদর উপজেলার উপর রাজারামপুর কুমারপাড়ার জহুরুল ইসলামের ২৭ মাস বয়সী শিশু আব্দুর রহমান জুনায়েদ ও রাজশাহীর কোর্ট এলাকার আরিফুল ইসলামের চার বছরের মেয়ে লামিয়া খাতুন। লামিয়া নাচোলে তার নানার বাড়িতে থাকত।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, ‘বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির পাশে খেলার সময় পুকুরে পানিতে ডুবে যায় জুনায়েদ। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মৃত ঘোষণা করেন।’

অন্যদিকে নাচোল উপেজলার কাজলা লাইনপাড়াতেও বাড়ির পাশের খেলার সময় সবার অগোচরে পুকুরে নেমে ডুবে মৃত্যু হয় লামিয়ার। স্থানীয়রা জানায়, লামিয়ার মরদেহ ভাসতে দেখে কয়েকজন প্রতিবেশী পরিবারের লোকজনকে খবর দেয়। পরে পরিবারের লোকজন তার মরদেহ উদ্ধার করে।

নাচোল থানার ওসি তারেকুর রহমান সরকার বলেন, ‘ঘটনার পর পুলিশ পাঠানো হয় ঘটনাস্থলে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’

উল্লেখ্য, গত এক মাসে চাঁপাইনবাবগঞ্জে নদী ও পুকুরে ডুবে ৯ শিশুর মৃত্যু হয়েছে। এটাকে অত্যন্ত উদ্বেগজনক বলছেন সংশ্লিষ্টরা।