নির্বাচন পরবর্তী সহিংসতা

পাবনায় আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর, আহত ৫

উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের আসবাবপত্র ভাংচুর করা হয়। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন

নির্বাচন পরবর্তী সহিংসতায় পাবনার আটঘরিয়ায় পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় বিজয়ী প্রার্থীর পাঁচ সমর্থককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। এ সময় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের আসবাবপত্র ও তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন জিয়া (৩৫), বুলবুল ফকির (৪০), রনি (২৬), জাহিদ (৩০), ভোলা (২২)। এদের মধ্যে গুরুতর অবস্থায় জিয়াকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান মো. তানভীর ইসলাম ও তাঁর সমর্থকদের অভিযোগ, উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে রাত সাড়ে ১১টার দিকে নেতা–কর্মীরা বাড়ি ফেরার জন্য বের হন। পথে ইশারত উচ্চ বিদ্যালয়ের পাশে পৌঁছালে আগে থেকেই ওৎ পেতে থাকা পরাজিত প্রার্থী মো. সাইফুল ইসলাম কামালের সমর্থক জুয়েল, শাহআলম ও প্রিন্সসহ বেশ কয়েকজন অতর্কিত হামলা চালান। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে পাঁচ জনকে আহত করেন। পরে অভিযুক্তরা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঢুকে আসবাবপত্র, টেলিভিশন, বঙ্গবন্ধুর ছবি ও তিনটি মোটরসাইকেল ভাঙচুর করে।

ঘটনাস্থল পরিদর্শন করেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন

এ বিষয়ে পরাজিত চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম কামালের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করেও তাঁকে পাওয়া যায়নি।

এদিকে আজ সকালে মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম। এ সময় তিনি বলেন, ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।