চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদ সদস্য আব্দুস সালামসহ দুজনকে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে সালামের দ্বিতীয় স্ত্রী ফেরদৌসী বেগম বাদী হয়ে মামলাটি করেন।
আজ শনিবার সকালে শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার পর দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওসি সাজ্জাদ হোসেন জানান, মামলায় ৫২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। মামলায় বিএনপি নেতা ও নয়ালাভাঙ্গা ইউপির সাবেক চেয়ারম্যান আশরাফুল হকের নাম রয়েছে। মামলার পর পুলিশ এজাহারে উল্লখ করা দুই আসামিকে গ্রেপ্তার করেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানানো হয়নি।
গত বৃহস্পতিবার রাতে জেলার শিবগঞ্জ উপজেলার রানীহাটি কলেজ মোড় সংলগ্ন আশ্রয়ন প্রকল্প এলাকায় খুন হন আব্দুস সালাম ও তাঁর সহযোগী মতিন আলী। দুর্বৃত্তরা ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টির পর গুলি ও কুপিয়ে হত্যা করে তাঁদের।
আব্দুস সালাম শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ছিলেন। অন্যদিকে মতিন আলী হরিনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই ওই হামলা ও হত্যার ঘটনা ঘটে। আধিপত্য নিয়ে ওই এলাকায় দীর্ঘদিন ধরেই দুই পক্ষের বিরোধ চলে আসছে। এর এক পক্ষের নেতৃত্বে ছিলেন আব্দুস সালাম। অপর পক্ষের নেতৃত্ব দেন আশরাফুল হক। তাঁদের দুজনের বিরুদ্ধে আগেও হত্যাসহ বিভিন্ন অপরাধে বেশ কিছু মামলা হয়েছে।