পাবনার আটঘরিয়ায় বিদ্যুতায়িত হয়ে রাসেল হোসেন (১৩) ও ফারজানা ইয়াসমিন (২৩) নামের দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৭টার দিকে আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের নরজান গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুইজন ওই গ্রামের মো. হিরু ইসলামের ছেলে-মেয়ে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে তাঁর স্ত্রী রাজিদাও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার পবিত্র আশুরা উপলক্ষে তাঁত শ্রমিকদের ছুটি থাকায় হিরু ইসলামের বড় মেয়ে ফারজানা তাঁতের মেশিন চালাতে যান। এ সময় ফারজানা বিদ্যুতায়িত হয়ে আটকে পড়েন। তাঁকে উদ্ধার করতে ছোট ভাই এগিয়ে গেলে সেও বিদ্যুতায়িত হয়।
এর পর দুজনকে উদ্ধার করতে তাদের মা এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।
আহতাবস্থায় নিহতদের মাকে উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁর অবস্থা গুরুতর বলে জানা গেছে।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, পাওয়ারলুম তাঁত চালাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।