সিরাজগঞ্জে ব্যাপক সংঘর্ষ, এমপিদের বাড়িতে হামলা

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। অগ্নিসংযোগ করা হয়েছে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ ও জেলা মহিলা আওয়ামী লীগের কার্যালয়। এ ছাড়া কয়েকজন সংসদ সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যানের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।

আজ রোববার সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্টে এসব সংঘর্ষ ঘটে। এখন পর্যন্ত শহরের বিভিন্ন পয়েন্ট দখল নিয়ে রেখেছে আন্দোলনকারীরা। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না।

বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনসরেজমিনে দেখা যায়, সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী ও জেলা পরিষদের চেয়ারম্যান শামীম তালুকদার লাবুর বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। ভাঙচুর করা হয়েছে সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্নার বাড়ি। সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের সংসদ সদস্য চয়ন ইসলামের বাড়ি ভাঙচুর করা হয়েছে। অগ্নিসংযোগ করা হয়েছে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ ও জেলা মহিলা আওয়ামী লীগের কার্যালয়।

এ ছাড়া বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনা, পুলিশ বক্স, জজ আদালত, উপজেলা ভূমি অফিস, অডিটোরিয়াম ভাঙচুর করেছে। এতে আরটিভির ভিডিও জার্নালিস্টসহ আহত হয়েছে অন্তত ৫০ জন।