পাবনায় বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

পাবনার বেড়া উপজেলার আমিনপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৩ জন যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ২ জন।

উপজেলার কাশিনাথপুর-কাজিরহাট সড়কের নতুন বাজার কবরস্থানের কাছে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। তবে তাৎক্ষণিকভাবে একজনের পরিচয় পাওয়া গেলেও, বাকি ২ জনের নাম ঠিকানা জানাতে পারেনি পুলিশ।

বিষয়টি নিশ্চিতি করে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, বেড়া উপজেলার কাজিরহাট থেকে কাশিনাথপুরে যাচ্ছিল সিএনজিচালিত একটি যাত্রীবাহী অটোরিকশা। পথে নতুন বাজার কবরস্থানের কাছে পাবনা থেকে কাজিরহাটগামী হাসান পরিবহণ নামের একটি বাস অটোরিকশাকে ধাক্কা দেয়।

এ সময় সিএনজিচালিত অটোরিকশা উল্টে দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই শিশুসহ ৩ জন নিহত হয়। আহত হয় ২ জন। তাদের উদ্ধার করে দ্রুত বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি আরও বলনে, নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন ঈশ্বরদী উপজেলার বেদুনদিয়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে সালভি ইসলাম (২৩)। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন বলেন জানা গেছে। তবে নিহত বাকি ২ জনের নাম ঠিকানা এখনও পাওয়া যায়নি।