পাবনার চাটমোহরে নিখোঁজের একদিন পর গোলজার হোসেন নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে দুবলিয়ার বিল থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
গোলজার হোসেন উপজেলার বোয়ালমারী পশ্চিমপাড়া গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে। পেশায় কৃষক ছিলেন তিনি।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে বোয়ালমারী গ্রামের খলিসাগারি বিলে নিজের জমিতে কচুরিপানা পরিষ্কার করতে নামেন গোলজার হোসেন। একপর্যায়ে বিলের পানির স্রোতে তলিয়ে যান তিনি। তারপর থেকে তাঁর কোনো খোঁজ পায়নি পরিবারের লোকজন।
শুক্রবার সকালে বিলের অপর প্রান্তে দুবলিয়ারর বিলে তাঁর মরদেহ ভেসে ওঠে। তার মরদেহ ভাসতে দেখে পরিবার ও পুলিশকে জানায় স্থানীয় কৃষকেরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুর সাড় ১২টার দিকে মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাঁর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।