বিএনপি সবসময় সংখ্যালঘুদের রক্ষা করেছে উল্লেখ করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, তাদের কেউ অত্যাচার করতে পারবে না। বুধবার বিকেলে সিরাজগঞ্জের রায়গঞ্জের এক জনসভায় এ কথা বলেন তিনি।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলার নিমগাছী অনার্স কলেজ মাঠ চত্বরে রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা থানা বিএনপি এই জনসভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুকু।
বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আওয়ামী লীগের কর্মীরা হিন্দু সেজে মিছিল করে দেশকে অস্থিতিশীল রাখার চেষ্টা করছে। বিএনপি সবসময় সংখ্যা লঘুদের রক্ষা করে। আমাদের নবী (সা.) বলেছেন, তোমরা সংখ্যালঘুদের অত্যাচার করবে না। তারা আমাদের আমানত। তাই তাদের কেউ অত্যাচার করতে পারবে না।’
প্রধান অতিথির বক্তৃতায় টুকু আরও বলেন, ‘আওয়ামী লীগের লোক সারাদেশে ছড়িয়ে গেছে। আওয়ামী লীগ সারা জীবন রাজনীতি করেও আমাদের আর অধিকার হরণ করতে পারবে না। আমাদের যত নির্যাতন করেছে, তত কর্মী বেড়েছে। আমি মনে করেছিলাম আমাদের আর নতুন লোক আসবে না। এখন দেখি কর্মী দিয়ে দেশ ভরে গেছে। শহীদ জিয়াউর রহমান গণমানুষের মানুষের দল হিসেবে বিএনপিকে রেখে গেছে। বিএনপি জনগণের কাছে ওয়াদা করেছে। আমরা জনগণকে নিয়েই ক্ষমতায় আসব। জনগণের টাকা শেখ হাসিনার পরিবার লুটপাট করে দেশটাকে শেষ করে দিয়ে চলে গেছে। এখনো যুদ্ধ শেষ হয়নি। হাসিনা ভরতে বসে ষড়যন্ত্র করে চলেছে।’
জনসভায় রায়গঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শামছুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ–৩ আসনের সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার, সভাপতি সিরাজগঞ্জ জেলা বিএনপি রুমানা মাহমুদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু প্রমুখ। এ সময় রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার বিএনপি ও অঙ্গসহযোগী নেতারা ও হাজার হাজার সমর্থকেরা উপস্থিত ছিল।