শিবগঞ্জ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখতে সম্মত বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে আপাতত রাস্তা বা কাঁটাতারের বেড়া নির্মাণকাজ বন্ধ রাখতে সম্মত হয়েছে বিএসএফ। বুধবার বিকেলে রাস্তা ও কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে বিজিবির সঙ্গে তৃতীয়বারের মতো পতাকা বৈঠকে এ সম্মতি জানায় বিএসএফ।

বৈঠক শেষে চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেন। 

লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ‘দুই বাহিনীর কর্মকর্তাদের মধ্যে সৌহার্দপূর্ণ আলোচনা হয়েছে। রাস্তা বা কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে সম্মত হয়েছে বিএসএফ। সীমান্তে কাঁটাতারের বেড়া বা রাস্তা হবে কি-না তা বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করে সিদ্ধান্ত নেবেন।’ 

এই কর্মকর্তা আরও জানান, দুই দেশের নাগরিকরা যেন উত্তেজনা সৃষ্টি করতে না পারে সেদিকেও খেয়াল রাখা হবে বলে বৈঠকে আলোচনা হয়।