‘চাকরি দেওয়ার নাম করে বেকারত্ব আর হাহাকার দিয়ে গেছে রাজনৈতিক দলগুলো’

অতীতে ঘরে ঘরে চাকরি দেওয়ার নাম করে রাজনৈতিক দলগুলো বেকারত্ব আর হাহাকার দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য রবিউল ইসলাম রবি। আজ বুধবার সন্ধ্যায় জয়পুরহাটের ক্ষেতলালে অনুষ্ঠিত জাকের পার্টির দাওয়াতি মিশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় রবিউল ইসলাম রবি তাঁর বক্তব্যে বলেন, ‘অতীতের সবকটি সরকার ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলে ক্ষমতায় এসেছে, কিন্তু সে চাকরির বদলে ঘরে ঘরে বেকারত্ব ও হাহাকার দিয়ে গেছে। সকল রাজনৈতিক দল এক্ষেত্রে ব্যর্থ হলে দায়িত্ব নিতে বিন্দুমাত্র সময় নেবে না জাকের পার্টি।’

উপজেলার আমিরহাট বটতলী মাঠে জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তৃতা দেন- কেন্দ্রীয় জাকের পার্টি ছাত্র ফন্টের সহ-সাধারণ সম্পাদক স্বপন মাহমুদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিদ্দিকী, বগুড়া সাংগঠনিক বিভাগের সভাপতি আবু শরীফসহ স্থানীয় নেতারা।

স্থানীয় ছাত্র ফন্টের আয়োজনে অনুষ্ঠিত দাওয়াতি মিশনে বক্তারা আরও বলেন, বিশ্বব্যাপী ইসলামী শাসন ব্যবস্থা শুরু হয় ওলি এ কামেল ও পীর মাশায়েকগণের আধ্যাত্মিক চেতনা আর দাওয়াতি কার্যক্রমের মধ্য দিয়ে। বাংলাদেশে এ ধারা অব্যাহত রেখেছে উপমহাদেশের সুফিবাদের কর্ণধার পীর এ কামেল হজরত শাহ সুফি ফরিদপুরী (র.) এর জাকের পার্টি। তাই দেশে শান্তি প্রতিষ্ঠার মহান লক্ষ্য নিয়ে কাজ করছে জাকেরপার্টি। দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হলে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে হবে।