নওগাঁর সাপাহার উপজেলার উত্তর পাতাড়ী গ্রামের সিরাজুল ইসলাম (৪২) নামের এক বাংলাদেশি নাগরিক ভারতের অভ্যন্তরে গরু আনতে গিয়ে বিএসএফের হাতে আটক হয়েছেন। আটক সিরাজুল ওই গ্রামের মৃত ওসমান আলীর ছেলে।
স্থানীয় ও তার পরিবার সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দিনগত রাতে অন্যান্যদের সঙ্গে সীমান্ত পেরিয়ে ভারত অভ্যন্তরে গরু আনতে যান সিরাজুল ইসলাম। রাত আনুমানিক ৩টার দিকে তারা গরু নিয়ে আদাতলা সীমান্তের ৪৪/১এস পিলার এলাকা দিয়ে বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে। তখন ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার নাইরকুড়ী বিএসএফ ক্যাম্পের টহলরত জোয়ানরা তাদের ধাওয়া করে। অন্যান্যরা পালিয়ে গেলেও সিরাজুল ইসলাম বিএসএফ সদ্যদের হাতে ধরা পড়েন।
এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়ান (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল সাদিকুর রহমান রহমান বলেন, ‘ভারতের অভ্যন্তরে একজন বাংলাদেশিকে বিএসএফ আটক করেছে বলে আমরা জানতে পেরেছি। বিএসএফও আটকের বিষয়টি স্বীকার করেছে।’
বিএসএফের হাতে আটক সিরাজুল ইসলামারে স্ত্রী এজেলা খাতুন মোবাইলফোনে জনান, ভারতে যাওয়া তাঁর স্বামীর সঙ্গীরা ফিরে এসে সিরাজুল ইসলামের আটকের বিষয়টি নিশ্চিত করে। বাবা–মা ও স্বামীর সংসারে কেউ না থাকায় স্বামীকে ফিরিয়ে আনার কোনো উদ্যোগ নেওয়ার পথ খুঁজে পাচ্ছেনা না তিনি।