সিরাজগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষ: মারা গেছেন আহত সেই সাবেক ছাত্রদল নেতা

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত সাবেক ছাত্রদল নেতা কবির হোসেন মারা গেছেন। বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কবির উপজেলার সদিয়া চাঁদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।

এদিকে, কবিরের মৃত্যুর খবর জানাজানির পর বুধবার রাতেই বিএনপির একটি গ্রুপের নেতা-কর্মীরা কেজির মোড় এলাকায় এসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা আমিরুল ইসলাম খান আলিমের শাস্তি দাবি করেন তাঁরা।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন ইয়াজদানি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় ইফতার মাহফিলে বিএনপির দুপক্ষের মারামারির ঘটনায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। নিহতের মরদেহ আনা হচ্ছে। পুলিশ এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

এর আগে, মঙ্গলবার বিকেলের সদিয়া চাঁদপুর ইউনিয়নের করোনা বাজারে ইফতার মাহফিলের আয়োজক রওশন আলী মেম্বার ও চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলের আয়োজক আব্দুল করিম মোল্লার দুই গ্রুপের মধ্যে সংর্ঘষ হয়। এতে আহত হয় উভয়পক্ষের কয়েকজন।