সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্যাংকলরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪ জন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় নিহতরা হলেন– সিরাজগঞ্জের সলঙ্গা থানার আলোকদিয়ার গ্রামের আব্দুল আজিজের ছেলে সিএনজি চালক শরিফুল ইসলাম (৩৫) ও উল্লাপাড়া উপজেলার ডুবডাঙ্গা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আব্দুল মমিন (৩২)।
সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, বিকেলে সিরাজগঞ্জ রোড গোলচত্বর এলাকা থেকে একটি সিএনজি যাত্রী নিয়ে উল্লাপাড়ার দিকে যাচ্ছিল। সিএনজিটি ঢাকা-পাবনা মহাসড়কের উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া ব্রিজ এলাকায় পৌঁছালে একটি ট্যাংকলরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ ২ জন নিহত এবং ৪ জন আহত হয়।
ওসি আব্দুর রউফ আরও জানান, খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে। আর আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।