সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ডের ইজারার টাকা উত্তোলন নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপির এক নেতাকে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে শিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে। গতকাল শুক্রবার দুপুরে থানা গেটের সামনে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম আজাদ হোসেন আজাদ। তিনি নেতা উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব। ঘটনার পর তাঁকে প্রথমে উল্লাপাড়া কাওয়াক ৩০ শয্যা হাসপাতাল ও পরে বগুড়ায় পাঠানো হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতা-কর্মীরা।
উপজেলা বিএনপির নেতারা জানান, বিএনপি নেতা আজাদ উল্লাপাড়া মিনিবাস ও কোচ মালিক সমিতির অফিসে নিয়মিত উঠাবসা করেন। ইসলামী ছাত্র-শিবিরের নেতা-কর্মীরা এ বছর সিএনজি স্ট্যান্ডের ইজারা পেয়েছে। বৃহস্পতিবার বিকেলে তারা ইজারা তুলতে এসে মিনিবাস ও কোচ মালিক সমিতির অফিসের কক্ষ থেকে শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি নামিয়ে ফেলতে বলেন। এ নিয়ে ওই সময় স্থানীয়দের মধ্যে কথা-কাটাকাটি হয়। শুক্রবার উপজেলা মসজিদে জুম্মার নামাজ পড়ে বিএনপি নেতা আজাদ থানার গেটের সামনে যান। সেখানে বৃহস্পতিবারের ঘটনার জের ধরে শিবিরের বেশ কয়েকজন নেতা-কর্মী আজাদের ওপর অতর্কিত হামলা চালান। তারা হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে মাথা ও ঘাড়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।
এ বিষয়ে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়ন জামায়াতের সভাপতি কাজী জহুরুল ইসলাম পিনু বলেন, ‘জামায়াতের ইসলামীর পক্ষ থেকে উল্লাপাড়া সিএনজি স্ট্যান্ড বাংলা নতুন বছরের ইজারা নেওয়া হয়েছে। জামায়াত ও ছাত্র শিবিরের নেতা-কর্মীরা ইজারার টাকা তুলতে গেলে বিএনপি নেতা আজাদের সমর্থক দলীয় নেতা-কর্মীরা বৃহস্পতিবার বিকেলে ও শুক্রবার সকালে তাদের দুই দফা মারধর করে। এরই জের ধরে বিএনপি নেতা আজাদের ওপর এ হামলার ঘটনা ঘটেছে।’
এদিকে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে সিরাজগঞ্জ জেলা বিএনপি। বিএনপি নেতা আজাদকে মারধরের পর উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেছে নেতা-কর্মীরা।
উল্লাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) নিয়ামুল হক বলেন, আহত আজাদকে বগুড়ায় নেওয়া হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।