হাসপাতালে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের 

সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলঙ্গায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী—বাবা ও ছেলে—নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহত ব্যক্তির আরেক ছেলে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার চড়িয়া মধ্যপাড়া এলাকায় নুর জাহান হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সলঙ্গা থানার পুরনা বেড়া গ্রামের মৃত নূর মোহাম্মাদের ছেলে আব্দুল মান্নান খন্দকার (৭০) ও তাঁর ছেলে জুয়েল খন্দকার (৩৫)। আহত হয়েছেন মান্নানের বড় ছেলে রাসেল খন্দকার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অসুস্থ বাবাকে নিয়ে দুই ভাই ব্যাটারিচালিত অটোরিকশায় করে সিরাজগঞ্জের এনায়েতপুরে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। পথে অটোরিকশাটি চড়িয়া মধ্যপাড়া এলাকায় পৌঁছালে মহাসড়কের খানাখন্দে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝামাঝি চলে যায়। ঠিক সেই সময় বনপাড়া অভিমুখী একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই আব্দুল মান্নান ও তার ছেলে জুয়েল মারা যান। আহত রাসেলকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,  ট্রাকটি জব্দ করা হলেও চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।