বগুড়া সদরের হরিগাড়ী এলাকায় দুই নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লাইলি খাতুন (৫৫) ও তাঁর নাতির স্ত্রী হাবিবা বেগম (২১)। এ সময় দুর্বৃত্তদের রামদার কোপে আহত হয় লাইলির ১২ বছর বয়সের মেয়ে বন্যা আক্তার। লাইলি খাতুন সদরের হরিগাড়ি ইসলামপুর এলাকার মৃত আব্দুল কুদ্দুসের স্ত্রী।
প্রতিবেশীদের দেওয়া তথ্যমতে, রাত ৯টার দিকে কয়েকজন দুর্বৃত্ত অস্ত্র নিয়ে লাইলির বাড়িতে প্রবেশ করে। তারা ঘরে ঢুকে প্রথমে লাইলিকে গলা কেটে হত্যা করে। এরপর তাঁর ছেলে পারভেজ আলমের স্ত্রী হাবিবাকেও গলা কেটে হত্যা করে। এ সময় সেখানে থাকা লাইলির মেয়ে বন্যাকে রাম দা দিয়ে কোপ দেয়। এতে গুরুতর আহত হয় সে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে কী কারণে এ হত্যাকাণ্ড প্রতিবেশীরা তা বলতে পারেননি। মরদেহ ময়নাতদন্তের জন্য শজিমেক মর্গে রাখা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বগুড়ার জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান বলেন, ‘প্রাথমিকভাবে তদন্তের পর ধারণা করা হচ্ছে, ওই বাড়ির এক কিশোরীর সঙ্গে প্রেম ঘটিত কারণে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হতে পারে।’