সিরাজগঞ্জে নদীতে মিলল নিখোঁজ অটোভ্যান চালকের লাশ 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজের চার দিন পর জেলহক ওরফে সোহাগ (২০) নামের এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ক্ষুদ্র মনোহরা গ্রামের পাশে ফুলজোর নদীতে কচুরিপানার মধ্যে তার মরদেহ পাওয়া যায়।

নিহত সোহাগ উল্লাপাড়া পৌরসভার এনায়েতপুর গুচ্ছগ্রামের আব্দুল লতিফের ছেলে। উল্লাপাড়া মডেল থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, ‘গত মঙ্গলবার রাতে নিহত সোহাগ এলাকা থেকে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর, না পেয়ে তার বাবা আব্দুল লতিফ থানায় একটি সাধারণ ডায়রি করেন। আজ দুপুরে উপজেলার ক্ষুদ্র মনোহরা এলাকার লোকজন নদীতে ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে গলায় গামছা পেঁচানো মরদেহ উদ্ধার করে। পরে নিহতের পরিবার সোহাগের মরদেহ বলে শনাক্ত করে।’

সোহাগকে শ্বাসরোধে হত্যার ধারণা করা হচ্ছে উল্লেখ করে ওসি আরও বলেন, ‘উদ্ধারকৃত সোহাগের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে হত্যাকাণ্ডের রহস্য জানা যাবে।’