বগুড়ায় কাভার্ড ভ্যান-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

বগুড়ার নন্দীগ্রামে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছে শিশুসহ আরও পাঁচজন। আহতদের মধ্যে তিনজন অটোরিকশার যাত্রী এবং দুইজন পথচারী।

আজ রোববার বেলা পৌনে ১২টায় উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের কুন্দারহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হলেন, অটোরিকশার চালক আরাফাত হোসেন ও যাত্রী হাওয়া বিবি।

এসব তথ্য নিশ্চিত করেছেন কুন্দরহাট হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল চন্দ্র মোহন্ত।

ওসি জানান, আজ বেলা ১২টার দিকে ঘটনাস্থলে কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহায়তায় হতাহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যানটি ট্রাক জব্দ করা হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।