রাজশাহীতে ছাত্রীর বিরুদ্ধে শিক্ষককে ছুরিকাঘাতের অভিযোগ

রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষককে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির সাবেক এক ছাত্রীর বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে শিক্ষা প্রতিষ্ঠানটির সামনে এ ঘটনা হয়। অভিযুক্ত ছাত্রীকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০২৩ সালে ওই স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ক্লাস শেষে স্কুল থেকে বের হচ্ছিলেন বাংলা বিভাগের শিক্ষক মারুফ কারখী। এসময় স্কুলটির গেটের সামনে তাকে ছুরিকাঘাত করে ওই ছাত্রী। পরে আহত অবস্থায় শিক্ষক মারুফ কারখীকে সিএমএইচে নেওয়া হয়। এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ধারণা করা হচ্ছে, বহিষ্কারের পর ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের ওপর ক্ষুব্ধ হয়ে সেই ছাত্রী এমনটা করে থাকতে পারে।

আহত শিক্ষক মারুফ কারখী বলেন, ‘আমি স্কুল ছুটির পর মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলাম। এসময় দেখি চিৎকার করতে করতে একটি মেয়েটি দৌড়ে আসছে। আমি এগিয়ে গেলে সে অতর্কিতভাবে আমার গলা লক্ষ্য করে ছুরিকাঘাত করে। পরে সিএমএইচে গেলে গলায় তিনটি এবং হাতে ৫টি সেলাই দেওয়া হয়েছে। চিকিৎসকরা বাসায় বিশ্রামের পরামর্শ দিয়েছে।’

এই শিক্ষক আরও বলেন, ‘মেয়েটি উন্মাদের মতো অশ্লীল ভাষায় গালাগালি করতে করতে বলছিল, “ক্যান্ট পাবলিকের যাকে পাবো, তাকেই মারবো।” এ ঘটনার পর মেয়েটির পরিবার তাকে নিয়ে গেছে। আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়ে স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।’

অভিযুক্ত ছাত্রী বা তার পরিবারের কোনো সদস্যের বক্তব্য পাওয়া যায়নি।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও উপ-কমিশনার গাজিউর রহমান বলেন, ‘ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের বাইরে প্রধান ফটকের সামনে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তবে এ নিয়ে থানায় এখনো কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’