পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের ইসলামপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক মেহেদী মাসুদ পাভেল (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
গতকাল শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত পাভেল ইসলামপুর গ্রামের মৃত মুসলেম মাস্টারের ছেলে। তিনি গয়েশপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এ ঘটনায় আহত সজিব মোল্লা ওরফে ইমরান (২৪) একই এলাকার আব্দুর সবুর মোল্লার ছেলে। বর্তমানে তিনি গুরুতর অবস্থায় চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামপুর গ্রামে মাদক ব্যবসা ও পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষরা এ হামলা চালায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ নিয়ে এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।
বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।