সিরাজগঞ্জের তাড়াশ ও যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ চারজন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে ও সকালে এসব দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আজ সকালে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পৌর এলাকার উলিপুর ব্রিজের পূর্বপাশে গরুবোঝাই একটি শ্যলোইঞ্জিনচালিত ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা দুই শিশুসহ তিনজন গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ও এলাকাবাসী আহতদের উদ্ধার করে হাসপাতাল নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়। নিহতরা হলো- তাড়াশ পৌর শজরের দক্ষিণপাড়া মহল্লার শিশু জনি ও অটোরিকশাচালক কোহিত এলাকার হাইফোত হোসেন। পরে দুপুরে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে তুবা নামে আরেক শিশুর মৃত্যু হয়। শিশু জনি ও তুবা আপন ভাই বোন।
বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, ‘আমরা দুর্ঘটনার খবর পেয়ে নিহতদের বাড়িতে গিয়েছি। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
এর আগে ভোরে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কাসেম মোড় এলাকায় উত্তরবঙ্গগামী একটি পণ্যবাহী ট্রাক বিকল হয়ে পড়লে ট্রাকটি মহাসড়কের ওপর দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে অপর একটি ট্রাক ধাক্কা দিলে সামনের ট্রাকের চালক নিহত হন। দুটি ঘটনায় থানায় মামলা হয়েছে হয়েছে বলে জানিয়েছে পুলিশ।