রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করছে জুলাই যোদ্ধারা। আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর ভদ্রা এলাকায় ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয়ের সামনে এই বিক্ষোভ শুরু হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হামলাকারী ও শেখ হাসিনাসহ সব খুনিদের দেশে ফিরিয়ে দেওয়া এবং ভারতীয় আধিপত্যবাদের প্রতিবাদে এই কর্মসূচি। 

বিক্ষোভকারীদের দাবি, হাদির ওপর হামলাকারীরা ভারতে অবস্থান করছে। ভারত তাদের সরাসরি মদদ দিচ্ছে। একইভাবে জুলাই যোদ্ধাদের হত্যাকারীরও সরাসরি মদদদাতা ভারত। আওয়ামী লীগের দোসররা ভারতের সহযোগিতায় আরও ভয়ংকর হয়ে উঠছে। দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। পর্যায়ক্রমে আরও জুলাই যোদ্ধাদের হত্যার পরিকল্পনা করছে বলে উল্লেখ করেন বিক্ষোভকারীরা। 

ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করছে জুলাই যোদ্ধারা। ছবি: ইনডিপেনডেন্ট অবিলম্বে হত্যাকারীদের ফিরিয়ে দেওয়াসহ ভারতের দাদাগিরি বন্ধ না করলে জুলাই যোদ্ধাদের এই আন্দোলন অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান জুলাই যোদ্ধারা। 

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয়ের সামনে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন করা হয়েছে।