নাটোরে পরিত্যাক্ত বাড়িতে মিলল যুবকের রক্তাক্ত মরদেহ

নাটোরে পরিত্যাক্ত একটি বাড়ি থেকে রফিকুল ইসলাম শাহীন নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার একডালা মেহেন্দীতলা এলাকার পরিত্যাক্ত একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত রফিকুল ইসলাম শাহীন একই মহল্লার সবজি ব্যাবসায়ী রওশন আলীর ছেলে।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ও নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মত আজ দুপুরেও বাড়ি থেকে চাঁদপুর বাজারে বাবার কাঁচা সবজির দোকানে যাওয়ার জন্য বের হয় শাহীন। কিন্তু সঠিক সময় দোকানে না পৌঁছালে তার বাবা বাড়িতে এসে ছেলের খোঁজ করেন। এ সময় শাহীনের স্ত্রী জানায়, সে দোকানে যাওয়ার জন্য দুপুরেই বাড়ি থেকে বের হয়েছে। পরে শাহীন যে যে স্থানে আড্ডা দিতো সেখানে খোঁজাখুজির এক পর্যায়ে ওই পরিত্যাক্ত বাড়িতে শাহীনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনরা। এ সময় তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গিয়ে রক্তাক্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। 

প্রাথমিকভাবে পুলিশের ধারনা, শাহীনকে ভারি কিছু দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন আছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। 

পুলিশ ইতোমধ্যেই রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।