বগুড়ার দুঁপচাচিয়ায় পিন্টু প্রামানিক নামে এক ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ উঠেছে। সোমবার রাতে দুঁপচাচিয়ার সিও বাজার এলাকার লোটো জুতার শো-রুম থেকে রাত ৯টার দিয়ে তাঁকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। অপহরণের কয়েক ঘণ্টার মধ্যে তাঁর মরদেহ পাওয়া যায় আদমদিঘী উপজেলার কুমারপাড়া গ্রামে।
বিষয়টি নশ্চিত করেছেন দুঁপচাচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন।
ওস বলেন, পাঁচ থেকে ছয়জনের একটি দল মাইক্রোবাসে সিও বাজার এলাকায় নিজস্ব প্রতিষ্ঠান থেকে পিন্টু প্রামানিককে তুলে নিয়ে যায়। এর কয়েক ঘণ্টার মধ্যে ওই ব্যক্তির মরদেহ পাওয়া যায় আদমদিঘী উপজেলার কুমারপাড়া গ্রামে।
ওসি আরও জানান, এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাইক্রোবাস চালক সানোয়ার হোসেনকে এবং যে ব্যক্তি ওই গাড়িটি ভাড়া করে দিয়েছেন মো. শাকিবকে আটক করেছে পুলিশ। এখন পর্যন্ত পিন্টু প্রামানিককে হত্যার কোনো কারণ জানা যায়নি।