চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ওপারে দুই বাংলাদেশিকে আটকের খবর

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ওপারে ভারতীয় পুলিশ দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বলে খবর পাওয়া গেছে। গরু চোরাচালানের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশের অভিযোগে তাদেরকে আটক করা হয়।

স্থানীয়রা এ তথ্য জানালেও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এখনও ঘটনার সত্যতা নিশ্চিত করেনি। বিজিবি'র পক্ষ থেকে বলা হয়েছে যে, তারা ঘটনাটি শুনেছে। 

আজ বুধবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, দুই বাংলাদেশিকে ভারতীয় পুলিশ আটক করেছে বলে শুনেছি। আটককৃতরা গরু চোরাচালানের জন্য অবৈধভাবে ভারতে যান।

আটক দুই বাংলাদেশি হলেন: চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের খাইরুল ইসলাম ও মো. মমিন আলী।

স্থানীয়রা আরও জানান, গতকাল মঙ্গলবার ভোরে নারায়ণপুর ইউনিয়নের জহুরপুর-টেক সীমান্ত দিয়ে ভারতে যায় খাইরুল ও মমিনসহ আরও কয়েকজন। ভারত থেকে গরু নিয়ে ফেরার সময় বিএসএফ-এর সহযোগিতায় পুলিশ তাদের আটক করে। এ সময় কয়েকটি ভারতীয় গরুও জব্দ করা হয়।