সিরাজগঞ্জে নির্বাচনী মিছিলে হামলার পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি ও জামায়াতের

সিরাজগঞ্জ–২ নির্বাচনী এলাকার সদর উপজেলার বহুলী ইউনিয়নের ডুমুর গ্রামে সোমবার সন্ধ্যায় জামায়াতে ইসলামীর নির্বাচনী মিছিল থেকে বিএনপির মিছিলে হামলার অভিযোগ করেছে বিএনপি। তবে অভিযোগ মিথ্যা বলে উল্টো বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে নিজেদের কর্মীদের ওপর হামলার অভিযোগ করেছে জামায়াতে ইসলামী।

অভিযোগ অনুযায়ী, হামলায় উভয় গ্রুপের ১১ জন আহত হয়েছে। বিএনপির আহতরা হলো– মইন, রিফাত, খায়রুল, সাকিব, হিমেল, রানা। তাদের সিরাজগঞ্জের ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু অভিযোগ করে বলেন, ‘সোমবার সন্ধ্যায় সিরাজগঞ্জ–২ আসনের বহুলী ইউনিয়নে জামায়াত ইসলামী ও বিএনপির দুটি নির্বাচনী মিছিল বের করা হয়। মিছিল দুটি ডুমুর ইছা বাজার এলাকায় পৌঁছালে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার মিছিল থেকে বিএনপির ধানের শীষের মিছিলে হামলা করে। এতে আমাদের ৫ জন কর্মী আহত হয়েছে।’

সাইদুর রহমান বাচ্চু আরও বলেন, ‘নির্বাচনী পরিবেশ নষ্ট করতে তারা পূর্বপরিকল্পিতভাবে আমাদের দলের নেতাকর্মীদের ওপর হামলা করেছে। আমরা এই ঘটনায় আইনি ব্যবস্থা নেব।’

অন্যদিকে জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি ও সিরাজগঞ্জ–২ আসনের প্রার্থী জাহিদুল ইসলাম হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা আমাদের কর্মী–সমর্থকদের ওপর হামলা করেছে। মোটরসাইকেল ভাঙচুর করেছে। আমাদের ৪/৫ জন কর্মী আহত হয়েছে।’  

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, ‘বহুলীতে দুদলের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে শুনে সেখানে পুলিশ পাঠিয়েছি।’