পুলিশের মালাখানা বা অস্ত্রাগার থেকে লুট করা অস্ত্র জামায়াত-শিবিরের কাছে আছে বলে অভিযোগ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির চেয়ারম্যানের উপদেষ্টা হারুনুর রশীদ। মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আজাইপুরে এক নির্বাচনী সভায় এ অভিযোগ করেন তিনি।
সভায় হারুনুর রশীদ বলেন, ‘৫ আগস্ট সন্ধ্যার পর থেকে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে রাখে জামায়াত-শিবিরের কর্মীরা। পরে রাত ২টার দিকে অস্ত্রাগার লুট করে। সেই অস্ত্র রয়েছে জামায়াত-শিবিরের কাছে।’
জামায়াত-শিবিরের উদ্দেশ্যে হারুন বলেন, ‘১৯৯৬ সাল থেকে চাঁপাইনবাবগঞ্জের মানুষ তোমাদের প্রত্যাখ্যান করেছে। কারণ তোমরা সন্ত্রাসী সংগঠন।’
হারুনুর রশীদ আরও বলেন, ‘বিএনপি মুক্তিযুদ্ধের ঘোষকের দল। যারা মুক্তিযোদ্ধাদের বাড়িঘরে আগুন দিয়েছেন, মা–বোনদের পাকিস্তানি ক্যাম্পে তুলে দিয়েছেন, এই ইতিহাস কি আমরা ভুলে যাব? এই ইতিহাস কি নতুন প্রজন্ম ভুলে যাবে?’