নাটোরে এনসিপি প্রার্থীর কার্যালয়ে ভাঙচুর ও কর্মীদের মারধরের অভিযোগ

নাটোরের সিংড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী কার্যালয়ে হামলা, ভাঙচুর ও কর্মীদের মারধর করার অভিযোগ উঠেছে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় এনসিপির দুই কর্মী আহত হয়েছে।

রোববার রাত ১১টার দিকে এনসিপির সদস্য সচিব অধ্যক্ষ এস এম জার্জিস কাদিরের নিজ গ্ৰাম সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের মৌগ্রামে অবস্থিত এনসিপির নির্বাচনী অস্থায়ী কার্যালয়ে এ ঘটনা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুন নূর ও স্থানীয়রা জানান, উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি ও সুকাশ ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কুদ্দুস আকন্দ ও ইউপি সদস্য আব্দুল জলিলসহ প্রায় ২৫-৩০ জন কর্মী–সমর্থক এনসিপির নির্বাচনী কার্যালয়ের সামনে পিকনিক করছিল। ওই সময় এনসিপির কার্যালয়ে থাকা ১০-১২ জন এনসিপির সমর্থক তাদের কার্যালয়ের দূরে গিয়ে পিকনিক করতে বলে। এতে ক্ষুব্ধ হয়ে ধানের শীষ প্রার্থীর সমর্থকরা এনসিপির কার্যালয়ে হামলা চালায় এবং কার্যালয় ভাঙচুর করে।

ওসি ও স্থানীয়রা আরও জানান, সুলতান সরকার ও আব্দুল আহাদ নামে এনসিপির দুই কর্মীকে মারধর করে আহত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এ ঘটনায় কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে এনসিপি মনোনীত ১১ জোটের প্রার্থী এস এম জার্জিস কাদির বাবু বলেন, ‘রাতে আমার নির্বাচনী অফিসে কর্মী–সমর্থকরা নির্বাচনী আলোচনা করছিল। এসময় বিএনপির ধানের শীষের প্রার্থীর সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে হামলা, ভাঙচুর ও কর্মীদের মারধর করে জখম করেছে। খবর পেয়ে আমি বিষয়টি পুলিশকে জানিয়েছি।’

ঘটনার পর থেকে অভিযুক্ত বিএনপি প্রার্থী আনোয়ারুল ইসলাম আনুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।