ড্রেন নির্মাণের সময় ধসে পড়ল দেয়াল, প্রাণ গেল শ্রমিকের

চাঁপাইনবাবগঞ্জে সড়কের পাশে ড্রেন নির্মাণের কাজ করার সময় একটি বাড়ির দেয়াল ধসে নাইরুল ইসলাম নামে এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ঢাকা বাসস্ট্যান্ড সংলগ্ন কোর্টপাড়া মহল্লায় এ দুর্ঘটনা হয়।

চাঁপাইনবাবগঞ্জ মদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত নাইরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের বেগুলা গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে।

ওসি ও স্থানীয়রা জানান, আজ সকাল থেকে পৌরসভার একটি প্রকল্পের অধীনে সড়কের পাশে ড্রেন নির্মাণের কাজ করছিলেন নাইরুল ইসলাম। এ সময় সময় পাশে থাকা একটি বসত বাড়ির দেয়াল ধসে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

ওসি নূরে আলম বলেন, ‘এটি নিছকই একটি দুর্ঘটনা। নিহতের পরিবারের পক্ষ থেকেও কারও বিরুদ্ধে অভিযোগ নেই বলে জানিয়েছে। এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করে নাইরুলের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’