বগুড়ায় সাংবাদিক রউফ জালালের মৃত্যু হয়েছে। বুধবার দিনগত রাত ৩টার দিকে শহরের সুত্রাপুর এলাকার ভাড়া বাসায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রউফ জালাল বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইয়ের প্রতিনিধি ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৪ জানুয়ারি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পর কিছুটা সুস্থ হলে তিনদিন পর তাকে বাড়িতে এনে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। বুধবার দিনগত রাত ৩টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
মরহুম রউফ জালালের জানাজা আজ বৃহস্পতিবার বাদ জোহর বগুড়া শহরের সেউজগাড়ী জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে শহরের নামাজগড় আনজুমান-ই-গোরস্থানে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, রউফ জালাল ২০০২ সাল থেকে চ্যানেল আইয়ের বগুড়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।