চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুজন। শুক্রবার রাতে সদর উপজেলার পালশা মিশন এলাকায় এ দুর্ঘটনা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলো- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঘুঘুডিমা এলাকার ইসমাইল হোসেনের ছেলে অহিদুল ইসলাম ও জয়নাল আবেদিনের ছেলে মিনহাজ আলী।
আহতরা হলো- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঢোরবোনা গ্রামের আব্দুর রহমানের ছেলে জাহিদুর রহমান জাপান ও রাণীহাটির নেস মোহাম্মদের ছেলে এলিম।
ওসি বলেন, ‘শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে একটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। আরেকজন মারা যান হাসপাতালে নেওয়ার পর। দুর্ঘটনায় আহত দুজনকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’